২০১৫ সালে ল্যাপটপকে পেরিয়ে যাবে ট্যাবলেট

আপডেট : ২৬ নভেম্বর ২০১২, ২০:১৪
সময়ের সাথে সাথে বহনযোগ্য সব ডিভাইসের জনপ্রিয়তা এবং ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তবে এখনও পর্যন্ত ডেস্কটপ পিসিই প্রযুক্তি বাজারের সবচেয়ে বড় অংশটি দখল করে রেখেছে। তবে সেই সময়ের অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই। ইতোমধ্যেই ল্যাপটপ বা নোটবুকজাতীয় ডিভাইসগুলো ডেস্কটপ পিসিকে অনেকটাই ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এবার ল্যাপটপ বা নোটবুকজাতীয় ডিভাইসকে ছাড়িয়ে যাচ্ছে ট্যাবলেট পিসি। অ্যাপল’র আইপ্যাডের মাধ্যমে ট্যাবলেট পিসি’র যে অগ্রযাত্রার সূচনা হয়েছে, তা ক্রমেই আরও বড় আকারে ছড়িয়ে পড়ছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি ট্যাবলেট পিসির মাধ্যমে। এর মধ্যেই গুগল, অ্যামাজন এবং সর্বশেষ মাইক্রোসফটও যোগ দিয়েছে নিজস্ব ব্র্যান্ডের ট্যাবলেট পিসি তৈরির প্রতিযোগিতায়। আর তার ফলেই এখন বাজারে হাজারও ব্র্যান্ডের ট্যাবলেট পিসি। বড় বড় প্রতিষ্ঠানের বাইরেও বিভিন্ন দেশে স্থানীয় প্রতিষ্ঠানগুলো ট্যাবলেট পিসি তৈরি করে যাচ্ছে। ট্যাবলেট পিসির এই আগ্রাসনেই এবার ল্যাপটপও পেছনে পড়ে যাচ্ছে। আগামী ২০১৫ সাল নাগাদ এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। এমনটিই সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা ডিসপ্লেসার্চ। এই প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে ক্রিসমাস উপলক্ষেই ট্যাবলেট পিসি বিক্রি হবে ২১.৫ মিলিয়ন। আর এই বছরের শেষ চতুর্ভাগেই উত্তর আমেরিকা অঞ্চলে ল্যাপটপের বিক্রির চেয়ে ট্যাবলেটের বিক্রি বেশি হবে। কারণ এই সময়ে ল্যাপটপের বিক্রির পরিমাণ অনুমান করা হয়েছে ১৪.৫ মিলিয়ন ইউনিট। আবার সামনের বছরের হিসেবে ৬৪ মিলিয়ন ল্যাপটপ বিক্রির অনুমান করা হয়েছে উত্তর আমেরিকায়। আর এ সময়ে ট্যাবলেট পিসি বিক্রির পরিমাণ অনুমান করা হয়েছে ৮০ মিলিয়ন। উত্তর আমেরিকা অঞ্চলে সামনের বছরেই ট্যাবলেট পিসি বিক্রির পরিমাণে ল্যাপটপকে পেরিয়ে গেলেও গোটা বিশ্বের ক্ষেত্রে ঘটনাটি ঘটবে ২০১৫ সাল নাগাদ। ডিসপ্লেসার্চ ধারণা করছে, ২০১৫ সালে বিশ্বব্যাপী ল্যাপটপ বিক্রি হবে ২৭০ মিলিয়ন। অন্যদিকে ওই বছরে বিশ্বব্যাপী ট্যাবলেট পিসি বিক্রি হবে মোট ২৭৬ মিলিয়ন।