আশুলিয়ার অগ্নিকাণ্ড পরিকল্পিত: প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০১২, ১১:০৯
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। ওই ঘটনায় শতাধিক শ্রমিকের প্রাণহানিতে সোমবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রোববার রাতে আশুলিয়ার দেবনায়ার ফ্যাশনসে একজন মহিলা শ্রমিক ভেতরে গিয়ে আগুন দেয়। সে আগুন দেয়ার সঙ্গে সঙ্গে আরেকজন মহিলা শ্রমিক সেখানে গিয়ে চিৎকার দেয়। ফলে সে আগুন নেভানো হয়। তাজরিন তাজরিন ফ্যাশনসের আগুনও ছিল এমন পরিকল্পিত। শনিবার সন্ধ্যায় তাজরিনে অগ্নিকাণ্ডের পরদিন দেবনায়ারে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে সুমি বেগম ও জাকির নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ হাসিনা বলেন, “সুমি ২০ হাজার টাকা পেয়েছে এই আগুন দেয়ার জন্য। যে টাকা দিয়েছে তাকেও ধরা হয়েছে। কিন্তু এর পেছনে কারা আছে, তাদের বের করতে হবে।” প্রধানমন্ত্রী বলেন “এটা কোনো অ্যাকসিডেন্ট নয়। পরিকল্পিত ঘটনা। যখন বায়াররা আসে, কনট্রাক্ট সই করা হয় তখনি এই ঘটনা ঘটানো হলো।” রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাস, পুলিশের ওপর সাম্প্রতিক হামলা, পোশাক কারখানায় আগুনের ঘটনাগুলোকে সূত্রবদ্ধ করে তিনি বলেন, “এক নম্বরে পুলিশ, এরপর গার্মেন্টস, এরপর কী?” আগুনের ঘটনাগুলোতে কোনো মহল ফায়দা হাসিলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।