বিদ্যুৎ খাতের উন্নয়নে ৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রায় ৪৫ লাখ বসত-বাড়িতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে। বিতরণ ব্যবস্থা উন্নত হলে প্রতি বছর প্রায় ২৫ লাখ টন কার্বন নির্গমন হ্রাস পাবে।
এতে আরো উল্লেখ করা হয়, গত ১৫ বছরে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার টেকসই উন্নতি হয়েছে। কিন্তু এর পরও দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার বাইরে রয়ে গেছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৭শ' মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ ঋণের মধ্যে সাড়ে ১৮ কোটি ডলার খুলনার বিদ্যুৎ কেন্দ্রে ব্যয় করা হবে। প্রশিক্ষণ প্রদানসহ ২শ' সোলার ভিত্তিক সেচ পাম্প স্থাপন করা হবে। এতে প্রায় ৪ হাজার কৃষক পরিবার সুবিধা ভোগ করবে।
