আজ বিএমএ নির্বাচন

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৬:৪৭
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) ২০১২-১৩ বর্ষের নির্বাচন আজ বৃহস্পতিবার। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বিএনপি সমর্থিত ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মাহমুদ হাসান এবং স্বাচিপের বর্তমান মহাসচিব ও বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: ইকবাল আর্সলান যথাক্রমে সভাপতি ও মহাসচিব পদে স্বাচিপ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা: একেএম আজিজুল হক এবং বিএমএ'র সাবেক মহাসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ইউরোলজির অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন যথাক্রমে সভাপতি ও মহাসচিব পদে বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। এ বছরের বিএমএ নির্বাচনে ঢাকা মহানগরের ১৩ হাজার ৩৩৮ জন ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ৩২ হাজার ৮৯২ জন। নির্বাচন কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা: মো: আব্দুর রহমান খান ও সচিবের দায়িত্ব পালন করবেন ডা: একেএম সাখাওয়াত হোসেন। এছাড়া ডা: মো: আলাউদ্দিন শেখ, ডা: মো: মাহমুদুর রহমান ও ডা: একেএম মাহবুবুর রহমান সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।