চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় এক হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া ৬১টি জেলা পরিষদের অনুকূলে এডিপি সাধারণ বরাদ্দ হচ্ছে ১৪০ কোটি টাকা। গতকাল বুধবার রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদকে এসব তথ্য জানান।
গতকাল চলতি ১৫তম অধিবেশনের নবম কার্যদিবস শুরু হয় স্পিকার অ্যাডভোকেট মো. আব্দুল হামিদের সভাপতিত্বে। প্রশ্নোত্তর পর্বে হাফিজউদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে এডিপি সাধারণ বরাদ্দ সিটি করপোরেশন এলাকা ছাড়া জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে ৬১টি জেলা পরিষদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দপত্রে জেলা পরিষদ আইন'২০০০-এর ৩০ ধারা অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত কোন জেলার সংসদ সদস্যরা উক্ত জেলা পরিষদের উপদেষ্টা হবেন। তাঁরা পরিষদের কার্যাবলী সম্পাদনে পরামর্শ দিতে পারবেন।
জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী আশরাফুল জানান, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ হচ্ছে এক হাজার ১৯৮ কোটি ২৩ লাখ টাকা। আর এ বরাদ্দ হলো সংসদীয় আসনের আওতাধীন এলাকার উন্নয়নের জন্য। প্রতিটি সংসদীয় আসনে এ পর্যন্ত গড়ে ১১ কোটি ৮৩ লাখ টাকার স্কীম অনুমোদন করা হয়েছে। ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার গ্রামের লোকদের নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে গত জুন পর্যন্ত দেশের ৬৪টি জেলার সকল গ্রামে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বসানো হয়েছে। নলকূপের সংখ্যা হচ্ছে ১৫ লাখ ১০ হাজার ২৩৪টি। জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে পল্লী, নগর ও পানি সম্পদ অবকাঠামো উন্নয়নে শতকরা ১১ দশমিক ৫ ভাগ বেশি বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের পরিমাণ হচ্ছে চার হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। আর এ বরাদ্দ পূর্ববর্তী বছরের তুলনায় ৫০০ কোটি টাকা বেশি। এছাড়া রক্ষণাবেক্ষণ খাতে গত অর্থ বছরের চেয়ে ১০৫ কোটি ৭৫ লাখ টাকা বাড়িয়ে এবার বরাদ্দ দেয়া হয়েছে ৭৪০ কোটি টাকা। বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানীর জলাবদ্ধতা নিরসনের জন্য বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় আটটি খালের উন্নয়ন কাজ চলছে। খালগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে বৃষ্টির পানি বিভিন্ন্ পাইপ ড্রেন-এর মাধ্যমে প্রবাহিত হয়ে খাল দিয়ে সহজেই নিষ্কাশিত হতে পারবে। এছাড়াও বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় রামপুরা ও সায়েদাবাদ জনপথে দু'টি স্থায়ী পাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে রাজধানীর জলজট বহুলাংশে হ্রাস পাবে।
বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী আশরাফুল জানান, বর্তমান সরকারের আমলে এলজিইডি'র আওতায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৭২টি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রতি বছর পল্লী উন্নয়ন খাতে বাজেটের প্রায় ১৮-২২% অর্থ বরাদ্দ প্রদান করা হচ্ছে। বজলুল হক হারুনের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০১ সাল থেকে এ পর্যন্ত রাজধানীর ১০৫টি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। এবিএম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৮২ হাজার ১৪৭টি। সমবায় বিভাগীয় প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা ৮৮ হাজার ৮২৪ এবং বিআরডিবিভুক্ত ৯২ হাজার ১৯৮টি। এর মধ্যে কার্যকর সমবায় সমিতির সংখ্যা হচ্ছে এক লাখ ৩২ হাজার ৫৫৮টি।
