আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিভিন্ন গার্মেন্টস কারখানায় আগুন দিয়ে মানুষ হত্যা যে সুস্পষ্ট নাশকতা তা এখন প্রমাণিত। বাংলাদেশের পোশাক শিল্প সারা বিশ্বে সমাদৃত। তাই প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় এ শিল্প ধ্বংস করার জন্যই পরিকল্পিতভাবে নাশকতা চালানো হচ্ছে। দেশের সার্বিক কল্যাণে জননেত্রী শেখ হাসিনার সরকার যে সময় সাফল্যের দিকে এগিয়ে চলেছে, ঠিক তখন এর সুফল ধ্বংস করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি নানাভাবে চেষ্টা করছে। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি মহল এদেরকে প্রচ্ছন্নভাবে মদদ দিচ্ছে। যে কোন মূল্যে এদেরকে রুখতে হবে। গত মঙ্গলবার মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম খোকার সভাপতিত্বে চালিতাডাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, রেফাজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
