মিসরে বিক্ষোভ অব্যাহত বিচারকদের ধর্মঘট

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৭
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ডিক্রি জারির বিরুদ্ধে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বুধবার ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ বিক্ষোভ-প্রতিবাদে সাড়া দিয়ে কার্যক্রম বন্ধ রেখেছে দেশটির দুইটি শীর্ষ আদালত। গত বৃহস্পতিবার নতুন ডিক্রি জারি করে নিজের ক্ষমতার সীমা বৃদ্ধি করেন প্রেসিডেন্ট মুরসি। এতে বলা হয়, নতুন পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের কোনো সিদ্ধান্তকে আইনিভাবে চ্যালেঞ্জ করা যাবে না। এর পরপরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে মিশর এবং ছড়িয়ে পড়ে বিক্ষোভ। মিশরের রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া, সুয়েজ, মিনিয়া ও নীল নদীর অববাহিকায় অবস্থিত অন্যান্য শহরগুলোতেও বিক্ষোভ হয়েছে। ডিক্রিটির প্রতিবাদে টানা সহিংস প্রতিবাদ চলছে। এতে বুধবার পর্যন্ত দুইজন নিহত ও প্রায় পাঁচশ’ জন আহত হয়েছে। মুরসি ডিক্রি বাতিল না করা পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন আপিল কোর্ট ও কোর্ট অব ক্যাসেশনের বিচারকরা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। সাংবিধানিক আদালত মুরসির ডিক্রির ব্যাপারে রায় ঘোষণা না করা পর্যন্ত আদালতের কাজ বন্ধ রাখা হবে বলে জানান তারা। প্রসঙ্গত, আদালত এরই মধ্যে মিসরের পার্লামেন্টের নিম্নকক্ষকে বিলুপ্ত করেছেন। সোমবার বিচারকদের সঙ্গে এক বৈঠকে মুরসি নতুন ডিক্রিতে তার ক্ষমতা বৃদ্ধির সুযোগ খুব কম দাবি করে সঙ্কট মেকাবেলার চেষ্টা করেন। রাষ্ট্রের স্বার্থে শুধু ‘সার্বভৌম ইস্যুতে’ এ ডিক্রির কার্যকারিতা সীমাবদ্ধ থাকবে বলে জানান তিনি। কিন্তু সভায় উপস্থিত বিচারকরা এতে সন্তুষ্ট হননি। তারা ডিক্রিটি পুরোপুরি বাতিলের দাবি জানান। একই দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরাও। ডিক্রি বাতিলের দাবিতে বিক্ষোভ ক্রমেই জোরদার হচ্ছে। মিসরে নতুন খসড়া সংবিধানের ওপর গতকাল বৃহস্পতিবার ভোট হওয়ার কথা। গণপরিষদের বিলুপ্তি ঘোষণার ওপর আগামী রবিবার দেশটির সাংবিধানিক আদালত রুল জারি করতে পারে বলে আভাস পাওয়া গেছে। গত বুধবার পর্যন্ত বিক্ষোভ চলায় সাংবিধানিক গণপরিষদের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট মুরসি সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদকে আরও দুই মাস সময় দিলেও ইতিমধ্যে খসড়া সংবিধানের কাজ শেষ হয়েছে। সাংবিধানিক গণপরিষদে মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামি দলগুলোর প্রাধান্য রয়েছে। তারা ইসলামি আইন চালু করার চেষ্টা করছে, এমন অভিযোগে বামপন্থী লিবারেল পার্টি ও খ্রিষ্টান সদস্যরা এ পরিষদকে প্রত্যাখ্যান করেছে।