ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে মঙ্গলবার তার দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সুইস, ফ্রেঞ্চ ও রাশিয়ান বিশেষজ্ঞরা এ নমুনা নিয়েছেন। রামাল্লায় আরাফাতের সমাধিস্থলেই তার দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর কয়েক ঘন্টার জন্য সমাধিটি উন্মুক্ত রাখা হয়। এসময় প্রধানমন্ত্রী সালাম ফায়াদসহ ফিলিস্তিনি নেতারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। ফিলিস্তিনি তদন্ত কমিটি প্রধান তৌফিক তিরাওয়ি বলেন, নমুনা সংগ্রহ প্রক্রিয়া ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এ নমুনা সুইস, ফ্রান্স এবং রাশিয়ার ফরেনসিক বিশেষজ্ঞদের দেয়া হয়েছে। তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে আমাদের তথ্য প্রমাণ দরকার এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করা দরকার।
ফিলিস্তিনের চিকিত্সা কমিটি প্রধান জর্ডানের চিকিত্সক আবদুল্লাহ আল বশির জানান, প্রায় ২০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা করতে অন্তত ৩ মাস সময় লাগবে। ওদিকে, সুইজারল্যান্ডের লসেন ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র ডার্সি ক্রিসেন বলেন, নমুনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে কয়েক মাস লাগবে এবং আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলের আগে এর ফলাফল সম্পর্কে আমরা নিশ্চিত করে কিছু জানতে পারব বলে মনে হয় না।
