ফিলিস্তিনের পাশে রয়েছে সুইজারল্যান্ড ও ডেনমার্ক

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৯
জাতিসংঘে ফিলিস্তিনের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতির দাবির পক্ষে ভোট দেবে সুইজারল্যান্ড ও ডেনমার্ক। ফ্রান্স মঙ্গলবার ফিলিস্তিনের দাবি সমর্থন করার পরপরই সুইজারল্যান্ড ও ডেনমার্ক ফিলিস্তিনকে এ সমর্থন দিল। ওদিকে, যুক্তরাজ্য বলেছে, তারা ফিলিস্তিনের দাবির বিরোধিতা করবে না, তবে ভোটদানে বিরত থাকবে। পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পেলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কূটনৈতিক জয় পাবে ফিলিস্তিনিরা। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়ার দাবির পক্ষে ‘হাঁ’ ভোট ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের দ্বিরাষ্ট্রীক সমাধানের বিষয়টিকে আবার সামনে নিয়ে আসবে এবং ভবিষ্যত্ শান্তি আলোচনায় দু’পক্ষ সমান অবস্থানে থেকে এগুতে পারবে। এ দিকে, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের দাবির পক্ষে ‘হাঁ’ ভোট দেবেন জানিয়ে বলেছেন, এ পদক্ষেপে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা, বিশেষ করে সহাবস্থানের ভিত্তিতে দুই স্বাধীন রাষ্ট্র ভিত্তিক সমাধান নিয়ে আলোচনার প্রয়োজনীতা প্রকাশ পাবে। বৃহস্পতিবার ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের ওই দাবি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা এবং উন্নত বিশ্বের সমর্থন বাড়তে থাকায় তাদের জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে ইসরায়েল ও এর প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এ পদক্ষেপের বিরোধিতা করছে।