প্রায় ১৫দিন ধরে প্রচার প্রচারণা, পোস্টারিং, মঞ্চ নির্মাণসহ সকল আয়োজন শেষ হলেও বৃহস্পতিবার উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করার কারণে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিতে পারেনি লালপুর বিএনপি।
জানা যায়, উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি’র বৃহস্পতিবার নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুল মাঠে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কচি ও মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়া বিনতে খান রিমার সংবর্ধনা অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করে। অপরদিকে নাটোর জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌরসভার মেয়র মুনজুরুল ইসলাম বিমলের নেতৃত্বে লালপুর-বাগাতিপাড়া বিএনপি’র একাংশ বাগাতিপাড়া বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে একই সময়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়। বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান পৌর এলাকায় ১৪৪ ধারাজারি করেন। ফলে সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
