শ্রীপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) না চেনায় পত্রিকার এক হকারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। বুধবার শ্রীপুর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শ্রীপুরের এজেন্ট এম এম ফারুকের হকার মো. হানিফ (১৫) সকাল সাতটার দিকে উপজেলা পরিষদের আবাসিক ভবনে পত্রিকা সরবরাহ করতে যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভূঁইয়ার সরকারি বাসায় পত্রিকা দিয়ে ফেরার পথে হানিফকে তিনি ডেকে নাম-পরিচয় জানতে চান। এক পর্যায়ে তাকে না চেনায় ক্ষিপ্ত হয়ে গালাগাল শুরু করেন। পরে তার প্রধান সহকারী আব্দুল হামিদ মীর আনসারীকে ডেকে হকার হানিফকে আটকে রাখার নির্দেশ দেন।
পত্রিকার এজেন্ট এম এম ফারুক অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) হকারকে আটকে রেখে এজেন্ট এম এম ফারুককে পত্রিকা বিক্রির বৈধ লাইসেন্স নিয়ে আসতে বলেন। এম এম ফারুক এ ঘটনা স্থানীয় সাংবাদিকদের জানালে খবর পেয়ে বারোটার দিকে হকার হানিফকে ছেড়ে দেন আব্দুল হামিদ মীর আনসারী।
শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, মঙ্গলবার ওই হকার আমার মিসেসের সাথে বেয়াদবি করেছিল! আজ আবার আমার সাথেও সে একই রকমভাবে বেয়াদবি করে। তাই তাকে আটকে রাখার নির্দেশ দিয়েছি।
