বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে :আইনমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:৩৯
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচার বিভাগ হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। বিচার বিভাগ যদি সঠিকভাবে বিচার করে তবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হলেই কেবল গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। সাক্ষাত্কালে রাষ্ট্রদূত বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়নে তার সরকার সহযোগিতা দিতে আগ্রহী বলে মন্ত্রীকে জানান। এছাড়া বিচার প্রক্রিয়ার আধুনিকায়ন ও আইনের সংস্কারে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের বিচারাঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অধঃস্তন আদালতের বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা সুপ্রিম কোর্টের আওতাধীন এবং সুপ্রিম কোর্টের পরামর্শ ও নির্দেশনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্ত অনেক বিচারকের বিরুদ্ধে তদন্ত চলছে এবং অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।