বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি করে বলেছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন। এর পরিণাম শুভ হবে না। জামায়াতের ওপর আক্রমণ বন্ধ করুন। তারপর যদি জামায়াত পুলিশের ওপর আক্রমণ চালায় তখন আমরা সরকারের পক্ষে থাকব।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের সমাবেশ-উত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সহ- দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী সোহেল, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল নীরব, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও মহিলা দল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
সাদেক হোসেন খোকা বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করতে পুলিশ লেলিয়ে দেয়া হয়েছে। জামায়াত-শিবিরের ঘটনাকে পুঁজি করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। জামায়াতকে মিছিল মিটিং করতে বাধা দেয়া হচ্ছে । আগেও ট্যাঙ্ক, কামান নামিয়ে জনগণের আন্দোলনকে দাবিয়ে রাখা যায়নি। আর একজন নেতা-কর্মীকেও যদি হয়রানি করা হয় তাহলে আমরা তা নীরব দর্শকের মতো মেনে নেবো না।
