ইরাকের চারটি প্রদেশে বৃহস্পতিবার শিয়া মুসলিম ও নিরাপত্তা বাহিনীর ওপর বোমা হামলায় ৪৮ জন নিহত। এ ঘটনায় একশ’ জনেরও বেশি আহত হয়েছে। এদিন দেশটির দক্ষিণাঞ্চলের শিয়া অধ্যুষিত শহর হিল্লায় শিয়া তীর্থযাত্রীদের তাঁবুর কাছে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণের পরপরই আরেকটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। এতে ৩৩ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে। নিরাপত্তাকর্মীদের ওপর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হিল্লা শিয়াদের কাছে পবিত্র শহর কারবালায় যাওয়ার একমাত্র পথ। এদিকে এ ঘটনার কয়েক ঘন্টা আগে কারবালায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ নগরী অভিমুখী সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রতিবছর লক্ষ লক্ষ শিয়া মুসলিম পবিত্র আশুরা পালন করতে কারবালার দিকে যায়। এই সপ্তাহে দ্বিতীয়বারের মত শিয়াদের লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হল। এর আগে গত মঙ্গলবার বাগদাদে একটি শিয়া উপাসনালয়ের কাছে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত এবং আহত হয় ৫০ জন। কেউ এই হামলা দুইটির দায় স্বীকার করেনি।
অন্যদিকে দেশটির ফাল্লুজা ও মসুল শহরের কাছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দুইটি বোমা হামলা চালানো হয়।
