ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অসহিষ্ণু ও খেয়ালী’ হিসাবে বর্ণনা করে ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মার্কন্ডেয় কাটজু বলেছেন, মমতা তার আচরণ পরিবর্তন না করলে ক্ষমতা হারাবেন। মমতার কাছে লেখা এক চিঠিতে বিচারপতি কাটজু বলেন, (মমতাকে নিয়ে) কার্টুন প্রচারের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও সরকারের সমালোচনা করায় কৃষক শিলাদিত্য চৌধুরীকে যারা গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন, পার্ক স্টিটে একটি ধর্ষণের মামলার ঘটনায় পদচ্যুত পুলিশের যুগ্ম কমিশনার দময়ন্ডী সেনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও কৃষক শিলাদিত্য চৌধুরীর মামলা তুলে নিয়ে তাদের কাছে মমতাকে ক্ষমা চাওয়ার আহবান জানান বিচারপতি কাটজু। প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যকে পশ্চিমবঙ্গের বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেস সমর্থন করলেও মমতা এগুলোকে অপপ্রচার বলে মন্তব্য করেন।
