মুম্বাই হামলার দায়ে ফাঁসি কার্যকর হওয়া আজমল কাসাবের মৃত্যুর বদলা এক মাসের মধ্যে নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান তালেবানের একটি অংশ। গত বৃহস্পতিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা বলা হয়। তেহরিক-ই তালেবান পাকিস্তানের অংশ জানদুল্লাহ গোষ্ঠীর মুখপাত্র আহমেদ মারওয়াত বুধবার অজ্ঞাত স্থান থেকে বলেন, এক মাসের মধ্যে আমরা ভারতের মাটিতে আজমল কাসাবের মৃত্যুর বদলা নেব।
মুম্বাই হামলার মৃত্যুদণ্ড পাওয়া একমাত্র জীবিত আসামি মোহাম্মদ আজমল কাসাবের ফাঁসি গত ২১ নভেম্বর সকালে কার্যকর করা হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। এর পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তায়েবার হাত ছিল। লস্কর-ই-তায়েবার সদস্য কাসাব ও তার নয় সহযোগী সমুদ্রপথে করাচি থেকে মুম্বাই এসে এ হামলা চালান। পরে পাকিস্তানি নাগরিক কাসাবকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ হত্যার দায়ে কাসাবকে মৃত্যুদণ্ড দেন ভারতের আদালত। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন কাসাব। চলতি বছরের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট কাসাবের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। তবে এ আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
