বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলে শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার রাতভর নির্যাতন করেছে ছাত্রলীগ।
জানা গেছে- গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের অতিথি কক্ষে শিবির সন্দেহে কৃষি অনুষদের তৃতীয় বর্ষের নাজিমুল ইসলাম মীম, একই অনুষদের দ্বিতীয় বর্ষের তুহিন এবং পশুপালন অনুষদের প্রথম বর্ষের হামিদকে মারধর ও গালিগালাজ করেছে ওই হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনা জানতে পেরে রাত ৩টার দিকে ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা এবং ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন হলে এসে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় নাজিমুল ইসলাম মীমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ- শিবির নিধনের নামে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীদের প্রায়ই মারধর করছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।
বাকৃবি শিবিরের সভাপতি সুলাইমান হোসাইন বলেন, ‘ছাত্রলীগ ক্যাডারা বিভিন্ন হলে শিবির নিধনের নামে প্রশাসনের প্রত্যক্ষ মদদে সাধারণ শিক্ষার্থীদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে।’
বাকৃবি ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ বলেন, ‘ওই সব শিক্ষার্থীরা যে শিবির করে, তা তারা স্বীকার করেছে। শিবির না করে হলে থাকলে তাদের কোনো সমস্যা নেই।’
ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি রাতে ঘটনা জানার পরই ওই হলে গিয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের উদ্ধার করি। এ ঘটনায় ছাত্রলীগ বা অন্য কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’
