সেই এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২২:১১
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই’র সেই মাঠ কর্মকর্তা মাজহারুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন উত্তরার একটি এমএলএম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসান কবীর। হুমকি দিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে তিনি মামলাটি করেন। বৃহস্পতিবার উত্তরা থেকে মাজহারুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। এজাহারে বাদি উল্লেখ করেন, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজে তার ছবি দেখিয়ে অগ্নিকাণ্ডে তিনি সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ওই এনএসআই’র কর্মকর্তা তাকে জানান। এ থেকে রক্ষা পেতে তিনি উেকাচ দাবি করেন। পরে ৩০ হাজার টাকা দিতে বাদি রাজি হন। সে অনুযায়ী গত ২৭ নভেম্বর সাভার ইপিজেডের সামনে হাসান কবীর ও তার সহকর্মী মিন্টুর উপস্থিতিতে এনএসআই কর্মকর্তাকে ৩০ হাজার টাকা দেয়া হয় বলে এজাহারে উল্লেখ করা করা হয়েছে। গত বৃহস্পতিবার অপরাহ্নে উত্তরা এলাকা থেকে এনএসআই’র ওই কর্মকর্তাসহ হাসান কবীর ও মিন্টুকে র্যাব গ্রেফতার করে। র্যাবের কর্মকর্তাদের কাছে হাসান ও মিন্টু এনএসআই’র ওই কর্মকর্তাকে ৩০ হাজার টাকা ঘুষ দেয়ার কথা স্বীকার করেন। এ ব্যাপারে পুলিশ সুপার (ঢাকা) হাবিবুর রহমান বলেন, ডেবনিয়ার গার্মেন্টসে আগুন দেয়ার ঘটনায় একই গার্মেন্টসের কর্মী সুমি বেগম ও ম্যানেজার জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।