হাউজ অব কমন্সে উঠছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক ইস্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২২:২৪
বাংলাদেশের আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার ইস্যু নিয়ে আলোচনা করবে হাউজ অব কমন্স। এই আলোচনায় অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল লন্ডন যাচ্ছে। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনায় অংশ নেয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির প্রতিনিধি দলে থাকছেন—দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি প্রমুখ। এর মধ্যে এম কে আনোয়ার একটি পার্লামেন্টারি ডায়ালগে অংশ নিতে গত বৃহস্পতিবার ভারত গেছেন, সেখান থেকে তিনি আজ লন্ডন যাবেন। শমসের মবিন চৌধুরী গত বৃহস্পতিবারই লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী যাবেন আজ, আর ব্যারিস্টার খোকন যাবেন আগামীকাল রবিবার। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাউস অব কমন্স নিজেরাই এই আলোচনার উদ্যোগ নিয়েছে। সেখানে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার বিষয়ে মতবিনিময় হবে। সঙ্গত কারণেই আলোচনায় প্রধান বিরোধী দলের দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টিও আসবে।