সিরিয়ায় নৃশংসতা চরমে পে্ৗঁছেছে বলে উদ্বেগ প্রকাশ করে এই সংকট থেকে উত্তরণের আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার ভাষণ দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ও বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বান কি মুন সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, জানুয়ারি মাসের মধ্যে দেশটির শরণার্থীর সংখ্যা সাত লাখে পৌঁছাতে পারে। তিনি বলেন, নৃশংস গণহত্যার ফলে প্রতিদিন সিরিয়ার বহু নাগরিক শরণার্থী হচ্ছেন। যেকোনো বিবেচনায় মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাধীন ও গণতান্ত্রিক সিরিয়া প্রতিষ্ঠায় রাজনৈতিক আলোচনা ও সমঝোতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। সিরিয়ার আন্দোলন কর্মীরা দাবি করেছে, শুক্রবার সিরিয়ায় সহিংসতায় ৮০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। সহিংসতা বেড়ে যাওয়ায় সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দর বন্ধ রয়েছে। এতে দ্বিতীয়দিনের মতো অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।
