বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী জাহাজের খোঁজে চীনা জাহাজ মোতায়েনের সিদ্ধান্তকে পরিস্থিতির গুরুতর পরিবর্তন বলে অভিহিত করেছেন অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) এর মহাসচিব সুরিন পিতসুয়ান। শুক্রবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি একথা বলেন। সুরিন বলেন, “এটি বাড়তে থাকা উত্তেজনাকে আরো উস্কে দেবে। এটি পরিস্থিতির গুরুতর পরিবর্তন। সীমার মধ্যে থাকার চেষ্টা করা দরকার, সব পক্ষের সব দলের উদ্বেগ শোনার জন্য প্রস্তুত থাকা উচিত”। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, নতুন আইনানুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের পুলিশ সাগরটির চীনের দাবিকৃত জলসীমায় “অবৈধভাবে অনুপ্রবেশকারী” বিদেশী জাহাজকে আটক করতে বা অন্যপথে চলতে নির্দেশ দিতে পারবে।
দক্ষিণ চীন সাগরে প্রচুর তেল ও গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হয়। আশপাশের কয়েকটি দেশ এই সাগরাঞ্চলটির ওপর নিজ নিজ সার্বভৌমত্ব দাবি করে আসছে।
