মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী লোকমান শিকদারের সন্ধানের দাবিতে শনিবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আণ্ডারচর গ্রামের বালু ব্যবসায়ী লোকমান শিকদার গত ২৮ নভেম্বর একটি মামলায় বরিশাল জজকোর্টে হাজিরা দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি। দুপুরের পর থেকেই তার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। নিখোঁজ হওয়ার ঘটনায় তার স্ত্রী শারমিন নাহার মিনা কালকিনি থানায় সাধারণ ডায়েরি এবং স্থানীয় প্রেসক্লাবে তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাইদুল শিকদার, হুমায়ুন শিকদার, সরোয়ার শিকদার ও তার স্ত্রী শারমিন নাহার মিনা।
নিখোঁজ ব্যবসায়ী লোকমান শিকদারের স্ত্রী শারমিন নাহার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার স্বামীর সাথে বালু ব্যবসা নিয়ে কয়েকজনের বিরোধ চলছিল। বরিশাল কোর্টে হাজিরা দিতে গেলে তিনি আর বাড়ি ফেরেননি। প্রশাসনের কাছে দাবি, আমি আমার স্বামীকে ফেরত চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহিন মণ্ডল বলেন, আমরা তার সন্ধানে অভিযান অব্যাহত রেখেছি।
