দিনাজপুর অফিস
দিনাজপুর শহরে ইতালীয় নাগরিক ফাদার পিয়েরো পারোলারী হত্যা চেষ্টা মামলায় ৩ সাক্ষীকে আগামী ২৫ মে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হতে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর মামলার বিচারের জন্য দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে দিন ধার্য ছিল।
ঐদিন মামলার ৩ সাক্ষী ভিক্টিম ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারী, শহরের কসবা মিশনের ফাদার স্টিফান মুর্মু ও সদর উপজেলার খামার কাচাই গ্রামের আমিনা বেগম আদালতে হাজির না হওয়ায় ২৫ মে তাদের সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে গত ১৮ মার্চ মামলার এজাহারকারি দিনাজপুর কসবা মিশনের ফাদার ইনচার্জ সিলাস কুজুর, সাক্ষী দিনাজপুর শহরের মির্জাপুর এলাকার নুর ইসলাম (৬৫) ও একই এলাকার রঞ্জিত সাহার (৫০) সাক্ষ্য গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ নভেম্বর শহরের মির্জাপুর বাসটার্মিনালের পাশে ইতালীয় নাগরিক ঐ ধর্মযাজককে পিছন থেকে নব্য জেএমবির সদস্যরা মোটরসাইকেলে গুলি করে পালিয়ে যায়। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে চিকিত্সা দিয়ে সুস্থ করা হয়।
