ভারতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রথম মুসলিম চিফ হচ্ছেন ইব্রাহিম

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২২:০৪
ভারতের কেন্দ্রীয় আন্তঃগোয়েন্দা সংস্থা (আইবি) এর ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলমান সংস্থাটির প্রধান হতে চলেছেন। চলতি মাসের শেষ কর্মদিবসে আইবি’র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ১৯৭৭ ব্যাচের আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) অফিসার সৈয়দ আসিফ ইব্রাহিম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন মুসলমানকে নিয়োগ দেয়ার মাধ্যমে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার সবার কাছে এই বার্তা পৌছে দিতে চায় যে, ভারতের গুরুত্বপূর্ণ পদগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে বেশি গুরুত্ব দেয়া হয় বলে যে ধারণা প্রচলিত আছে তা ভুল। আগামী ৩১ ডিসেম্বর ইব্রাহিমের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন আইবি’র বর্তমান প্রধান নেহচল সন্ধু । অপরদিকে, ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিচার্স অ্যান্ড অ্যানালাইসি উইং (‘র’) এর শীর্ষপদেও আসছে পরিবর্তন। ১৯৭৬ ব্যাচের আইপিএস অফিসার অলোক যোশি হতে যাচ্ছেন সংস্থাটির নতুন প্রধান। আগামী ৩১ ডিসেম্বর তিনি বর্তমান প্রধান সঞ্জিব ত্রিপাঠির স্থলাভিষিক্ত হবেন। খবর টিএনএন ও হিন্দুস্তান টাইমসের। সূত্র জানায়, ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দ্য কেবিনেট (এসিসি) দু’জনের নিয়োগের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। ভারতের এই প্রধান দু’টি গোয়েন্দা সংস্থার প্রধান পদে পরিবর্তনের এক মাস আগে তাদেরকে অবহিত করা হয়। নিয়ম অনুযায়ী আইবি প্রধান নেহচল এবং ‘র’ প্রধান সঞ্জিব ত্রিপাঠিকে জানিয়ে দেয়া হয়েছে যে তাদের দায়িত্ব পালনের মেয়াদ বর্ধিত করা হচ্ছে না। সেখানে নতুন মুখ আসছেন। সূত্র আরো জানায়, সৈয়দ আসিফ ইব্রাহিমকে কেন্দ্রীয় আন্তঃগোয়েন্দা সংস্থায় নিয়োগ দেয়া হচ্ছে প্রতিষ্ঠানটির চারজন বর্তমান সিনিয়র অফিসারকে টপকে যারা তার চেয়ে বড় পদমর্যাদায় অধিষ্ঠিত আছেন। সিনিয়রিটি লংঘন করে ইব্রাহিমকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগে দেয়ায় বঞ্চিতদের মনে যাতে ক্ষোভ তৈরী না হয় সেজন্য তাদের আইবি’র বাইরে অন্য প্রতিষ্ঠানে বিশেষ করে কেবিনেট সেক্রেটারিয়েট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট কিংবা প্রধানমন্ত্রীর অফিসে গুরুত্বপূর্ণ পদ দিয়ে পুরস্কৃত করা হবে। এই পদে নিয়োগ চুড়ান্ত হবার আগে সৈয়দ ইব্রাহিম আইবিতে স্পেশাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার প্রধান দায়িত্ব ছিল সাইবার অপারেশন এবং নিরাপত্তা ইস্যুতে নজরদারি করা। প্রতিষ্ঠানটিতে তার চাকুরির অভিজ্ঞতা প্রায় ২০ বছর। সৈয়দ ইব্রাহিম এবং অলোক যোশি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন। ২০১৪ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে ভারতের পার্লামেন্ট নির্বাচন। এদিকে, বিএসএফের প্রধান ইউ কে বানসালের চাকরির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর সুপারিশ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।