প্রতিবারের মতো এবারও বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা তৈরি করেছে টাইম ম্যাগাজিন। এই ব্যক্তিবর্গের মধ্যে উজ্জ্বলভাবে আসন করে নিয়েছেন নারীরা। পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিভিন্ন অবস্থানে তাদের কর্মবিস্তার। কেবল চার দেয়ালের ঘেরাটোপে নয়, প্রচলিত আগল জয় করে বৈশ্বিক মাত্রায় উত্তীর্ণ হয়েছেন যেসব নারী, তাদের মধ্যে রাষ্ট্র এবং সংগঠন পরিচালনার দক্ষতা যেমন রয়েছে, তেমনি রয়েছে সৃজনশীল ভাবনা। টাইম ম্যাগাজিনের তালিকাভুক্ত ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে নারীবৃন্দ হলেন— হিলারি ক্লিনটন, দিলমা রউসেফ, কেট মিডলটন, পিপ্পা মিডলটন, সামিরা ইব্রাহিম, শারমিন ওবায়েদ-চিনয়, মমতা ব্যানার্জী, রিহানা, জেসিকা চ্যাস্টেন, সারা ব্লেকলি, সিলভা ফসটার, মরিয়ম দুরানি, অঞ্জলি গোপালান, সারাহ বার্টন, কেমি এন্ডারসন, শারমিন ওবায়েড চিনয় প্রমুখ।
সামিরা ইব্রাহিম: ২৪ বছর বয়সী সামিরা ইব্রাহিম মিশরে নারীদের অধিকার নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন। ২০১১ সালের ৯ মার্চ তিনি কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভে অংশ নেন। এ সময় সামরিক বাহিনীর হাতে তিনি সহ আরও নারী লাঞ্ছিত হন। তাদেরকে বৈদ্যুতিক শক দেয়া হয়। সৈনিকদেরকে ধর্ষণের অভিযোগ থেকে বাঁচানোর জন্য এই নারীদের কুমারীত্বের প্রমাণ দিতে বাধ্য করা হয়। অবশেষে ২০১১ সালের ডিসেম্বর মাসে ‘কুমারীত্ব পরীক্ষা’ বন্ধের জন্য একটি কোর্ট অর্ডার ইস্যু করা হয়।
অঞ্জলি গোপালান: ১৯৫৭ সালের ১ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন অঞ্জলি গোপালান। তার বাবা ছিলেন একজন এয়ারফোর্স অফিসার। ভারত এবং যুক্তরাষ্ট্রে শিক্ষাজীবন পার করেন অঞ্জলি। রাষ্ট্রবিজ্ঞান, সাংবাদিকতা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। নিউইয়র্কে থাকা অবস্থায়ই এইডস আক্রান্ত প্রান্তিক মানুষদের নিয়ে কাজ শুরু করেন।
শারমিন ওবায়েদ চিনয়: ১৯৭৮ সালের ১২ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন শারমিন ওবায়েদ-চিনয়। অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করেছেন তিনি। ‘দ্য সিটিজেন আর্কাইভ এর সভাপতি ওবায়েদ চিনয় পাকিস্তানি ক্যানাডিয়ান সাংবাদিক এবং প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে অ্যামি ও অস্কার পুরস্কার পেয়েছেন। এছাড়া ২০১২ সালের ২৩ মার্চ পাকিস্তান সরকার তাকে হিলাল-ই-ইমতিয়াজ উপাধিতে ভূষিত করেন।
