গাজার সীমান্তের কাছে একটি বিক্ষোভে অংশগ্রহণকারী এক ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে অভিযোগ করেছে গাজা নিয়ন্ত্রণকারী দল হামাস। এতে গত ২১ নভেম্বর মিশরের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তিচুক্তির শর্ত ভঙ্গ হয়েছে বলে অভিযোগ হামাসের। এ ব্যাপারে মিশরের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানিয়েছে হামাস। শুক্রবার গাজার দক্ষিণ রাফা এলাকায় বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে অন্তত ছয়জন আহত হয় বলে জানিয়েছে গাজার হাসপাতালের কর্মকর্তারা। এদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ওদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে বিক্ষোভরত ফিলিস্তিনিরা সীমান্তে কাঁটাতারের বেড়া ভাঙার চেষ্টা চালালে তাদের পা লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের সতর্ক করা হয়।
এ ঘটনা এবং গত বুধবার নয়জন ফিলিস্তিনি জেলেকে ইসরায়েলের নৌবাহিনীর আটকের ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেছে গাজার হামাস কর্তৃপক্ষ। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, এ ব্যাপারে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ধরনের শর্ত লঙ্ঘনের অবসান দাবি করা হয়েছে।
যুদ্ধবিরতির শর্তের মধ্যে সীমান্তে ফিলিস্তিনিদের যাতায়াত বৃদ্ধি এবং ইসরায়েলি বাহিনীর টহলের অধীনে থাকা জলসীমায় ফিলিস্তিনিদের মাছ ধরতে দেয়ার শর্তও ছিল। ইসরায়েল বলছে, ফিলিস্তিনিরা ঝুঁকিপূর্ণ কোনো অবস্থান না নিলে ওই অঞ্চলে কঠোর অবস্থান থেকে সরে আাাসবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ২০০৯ সাল থেকে সীমান্তের ৩০০ মিটারের মধ্যে কোনো ফিলিস্তিনির অবস্থান নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল। সীমানার কাছাকাছি খামারগুলোতে কাজ করা ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়ে থাকে ইসরায়েলি বাহিনী।
