মেক্সিকোয় নতুন প্রেসিডেন্টের অভিষেক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করেছেন এনরিক পিনা নিয়েতো। ক্ষমতাগ্রহণের পরই তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি মাদক সম্পৃক্ত সহিংসতা রোধের ঘোষণা দিয়েছেন। গত শনিবার অভিষেক অনুষ্ঠানে নিয়েতো বলেন, “মেক্সিকোয় শান্তি ফিরিয়ে আনাই আমার সরকারের প্রথম লক্ষ্য।’ নিয়েতোর পূর্ববর্তী প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরনের শাসনামলে দেশটিতে ৬০ হাজারেরও বেশি মানুষ মাদককেন্দ্রিক সহিংসতায় প্রাণ হারিয়েছে বলে বিবিসি জানিয়েছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়েতোর অভিষেক অনুষ্ঠানের জন্য দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর আগে চলতি বছরের জুলাইয়ে পিনা নিয়েতো জয়ী হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ সময় মেক্সিকো শাসনকারী পুরনো রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টি (পিআরআই) আবারো শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। ২০০০ সালে নির্বাচনে পরাজিত হওয়ার আগে ৭১ বছর মেক্সিকো শাসন করেছিল পিআরআই। কিন্তু মাদক গোষ্ঠীর সঙ্গে যোগসূত্রতার অভিযোগে দলটির জনভিত্তিতে ধস নামে। নতুন মুখ পিনা নিয়েতো দলটির ওই নেতিবাচক ভাবমূর্তি ঘুচিয়ে আবারও নির্বাচনে জয়ী হন। মেক্সিকোর প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করে। ধনী ও গরিবের মধ্যে ব্যবধানও বিস্তর। আর তাই এবারের নির্বাচনে অর্থনীতি ছিল বড় একটি ইস্যু। দেশটিতে বেকারত্বের হার সাড়ে ৪ শতাংশ। প্রায় ছয় বছর আগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় এসেছিলেন ফিলিপ কাল্ডেরন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি।