চাঁদপুর হাজীগঞ্জে বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ক্ষুব্ধ প্রার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় শূন্য পদে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফা এবং পরবর্তীতে দ্বিতীয় বার গত ১৬ অক্টোবর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জানা গেছে, প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪ জন ও দ্বিতীয় বিজ্ঞপ্তির প্রকাশের পর ২৬ জনসহ মোট ৩০ জন প্রার্থী আবেদন করে। কর্তৃপক্ষ নিজেদের পছন্দের প্রার্থীকে নেয়ার জন্য ২২ জন প্রার্থীকে ইন্টারভিউ কার্ড ইস্যু না করেই নিয়োগ পরীক্ষার সিদ্ধান্ত নেয়। গতকাল শনিবার এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষুব্ধ প্রার্থীদের মধ্যে একজন গত ২৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী জানান, কয়েকজন প্রার্থী ফোন করে ব্যাপারটি আমাকে জানিয়েছে।
