পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে ছাত্রদলের একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে শনিবার ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে পবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের দফায়-দফায় বিক্ষোভ মিছিল ও শোডাউনে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের শুভেচ্ছা সম্বলিত ব্যানারটি ছিঁড়ে পশ্চিম গেটে অগ্নিসংযোগ করে। ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের অন্তত ৪ জন নেতাকর্মী আহত হয়েছে। তবে সুষুম ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আহত ছাত্রদল কর্মীরা হলো—আব্দুল্লাহ আল বাক্কী, আল-আমিন খান, তানভীর, আল আমিন। পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সোহাগ বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের সহাবস্থান অব্যাহত রয়েছে। কিন্তু হঠাত্ ছাত্রদল ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মি. পুর্ণেন্দু বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি ছাত্রদল মিছিল করতে চেয়েছে, ছাত্রলীগ এতে বাধা দিয়েছে। তবে বড় ধরনের কোন ঘটনা ক্যাম্পাসে ঘটেনি।
