খনি বিতর্ক তদন্তে নেতৃত্ব দিতে সু চির প্রতি আহ্বান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:০২
তামা খনি সমপ্রসারণের বিরুদ্ধে আন্দোলন ও তা দমনে পুলিশের শক্তি প্রয়োগের বিষয়ে তদন্তে নেতৃত্ব দিতে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন। শনিবার মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানা গেছে। প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, খনি সমপ্রসারণ এগিয়ে নেয়া উচিত হবে কিনা এবং প্রতিবাদ প্রশমিত করতে কি কি পদক্ষেপ নেয়া যায় তা বিবেচনা করার ক্ষমতা দিয়ে সু চির নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন প্রেসিডেন্ট। কমিশনকে ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। দেশটির মনিওয়া তামা খনি সমপ্রসারণের লক্ষ্যে আবাসভূমি থেকে বসবাসরতদের উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয় স্থানীয় গ্রামবাসীরা। তারা খনির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের অবস্থানে চড়াও হয় দেশটির দাঙ্গা পুলিশ। এতে আন্দোলনরত বৌদ্ধভিক্ষুসহ অন্তত ৫০ জন আহত হয় বলে জানিয়েছে আন্দোলনকারীরা।