জাপানে টানেলে ধস, আটকা পড়েছে অজ্ঞাত সংখ্যক মানুষ ও গাড়ি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:০৪
জাপানের রাজধানী টোকিও থেকে ৮০ কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গ ধসে বহু লোক ও গাড়ি আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে টোকিওর পশ্চিমে সাসাগো টানেল ধসে পড়ে। এর পরপরই সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। জাপানের এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, ৪.৩ কিলোমিটার দৈর্ঘের এই সুড়ঙ্গের ভেতরে বহু মানুষও আটকা পড়েছে। টানেলের বাইরে কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ বলেন,“ভেতরে ঠিক কতোগুলো গাড়ি বা কতোজন মানুষ আটকা পড়েছে তা এখনো জানি না আমরা। তবে ভেতর থেকে একজন নারী বেরিয়ে আসতে পেরেছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।” ওই নারী জানিয়েছেন, আরো পাঁচজনের সঙ্গে একটি ভ্যানে ছিলেন তিনি। ওই পাঁচজনের ভাগ্যে কি ঘটেছে, বা তাদের ভ্যানের সামনে পেছনে কতোগুলো গাড়ি ছিল সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি আহত ও আতঙ্কিত ওই নারী।