চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মনীষা কৈরালা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:০৪
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার সকালে মুম্বাইয়ের জাসলক হাসপাতাল থেকে মনীষাকে ছেড়ে দেয়া হয় বলে শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়। বুধবার রাতে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিত্সার জন্য মনীষাকে যুক্তরাষ্ট্রে নেয়ার তত্পরতা শুরু হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে। মনীষার নিকটাত্মীয় মন্দিরা কৈরালার উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, “আমরা যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কোন হাসপাতালে মনীষার চিকিত্সা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।” অবশ্য মনীষার অসুস্থতার বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানায় তার পরিবার। এটা ‘ব্যক্তিগত বিষয়’ বলে এড়িয়ে যায় তারা। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বুধবার রাতে হঠাত্ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। মনীষা শনিবারই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হতে পারেন বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।