তাজরীন শ্রমিকদের সকল পাওনা বুধবার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২২:১৯
সাভারের আশুলিয়ায় পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টস এর শ্রমিকদের গত নভেম্বর মাসসহ পূর্বের মাসগুলোর বকেয়া পরিশোধ করা হবে আগামী বুধবার। সেইসাথে শ্রম আইন অনুযায়ী বেতনসহ প্রাপ্য সকল পাওনাদিও পরিশোধ করা হবে। গতকাল রবিবার বিজিএমইএ কার্যালয়ে তাজরীন গার্মেন্টস এর শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শনিবার শ্রমমন্ত্রীর সাথে এক বৈঠকে তাজরীনের শ্রমিকদের বেতন আগামী বৃহস্পতিবার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে আশুলিয়ার পরিস্থিতি শান্ত না হওয়ায় গতকাল বিজিএমইএতে আবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যারা তাজরীনে ৩ মাস থেকে ৬ মাস কাজ করেছেন তাদেরকে ১ মাসের অগ্রিম বেতন, যারা ১ বছর পর্যন্ত কাজ করেছেন তাদেরকে ২ মাসের বেতন আর যারা ২ বছরের ঊর্ধ্বে কাজ করেছেন তাদেরকে বিদ্যমান শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করা হবে। এছাড়া যারা ১ থেকে ৩ মাস কাজ করেছেন তাদেরকে তাদের পাওনা বেতন ছাড়াও ১ হাজার টাকা করে দেয়া হবে। আর যারা এক মাসের নিচে কাজ করেছেন তাদেরকে ১ মাসের পূর্ণ বেতন দেয়া হবে। গতকাল দুপুরে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় সন্ধ্যায়। বৈঠকে তাজরীন গার্মেন্টস এর প্রায় ৭০ জন শ্রমিক-কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বিজিএমইএ সহ-সভাপতি এস এম মান্নান কচি, বিজিএমইএ’র লেবার আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান আহাদ আলী আনসারি, পরিচালক রিয়াজ বিন মাহমুদ, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, বাহারানে সুলতান, তপন সাহা, রফিকুল ইসলাম সুজন, জাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। যোগাযোগ করা হলে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সিরাজুল ইসলাম রনি ইত্তেফাককে বলেন, ৫ তারিখে শ্রমিকদের সকল পাওনাদি বিদ্যমান শ্রম আইন অনুযায়ী পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আহত শ্রমিকদের যথাযথ চিকিত্সা করা হবে।