সোমালিয়ায় দুই গোত্রের সংঘর্ষে নিহত ২৬

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:০৭
সোমালিয়ায় গোচারণভূমি ও পানি নিয়ে বিরোধের জের ধরে দুটি গোত্রের মধ্যে ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। সোমালিয়ার মধ্যাঞ্চল নিয়ন্ত্রণকারী আহলু সুন্না মিলিশিয়ার শীর্ষ কামান্ডার মোহামেদ আবদি শিরে বলেন, সংঘর্ষে বহু লোক হতাহত হয়েছে। তবে প্রাথমিকভাবে ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলের গালগাদুদ অঞ্চলে শনিবার প্রতিদ্বন্দ্বী সালেবান ও দুদুবলি গোত্রের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। হতাহতদের মধ্যে দু’পক্ষের লোকজনই রয়েছে। পার্শ্ববর্তী আদাদু অঞ্চলের প্রধান হাসপাতালের ডাক্তার আলী দাহির জানান, এখন পর্যন্ত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।