বাঘা উপজেলায় টেস্ট রিলিফের (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্যের (কাবিখা) চাল বরাদ্দের ডিও ছিনতাই বন্ধে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি হিসাবে প্রতিটন চালের দাম ৩৩ হাজার ৮০৫ টাকা ধরা হয়েছে। অথচ উক্ত চালের প্রকৃত বাজারদর প্রায় ২০ হাজার টাকা। তবে সরকারি দলের নেতাকর্মীদের একটি সিন্ডিকেট প্রতিটন চালের ডিও বরাদ্দ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছ থেকে জোরপূর্বক মাত্র ১৩ হাজার টাকায় কিনে নিচ্ছে। উক্ত চক্রের জোর-জবরদস্তি ঠেকাতে রবিবার থেকে বাঘা উপজেলা পরিষদ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম ডিও কেনায় জড়িত সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। অভিযুক্ত তসিকুল উল্টো দাবি করেন, উপজেলায় সরকারি দলের ৫৭ নেতাকর্মী এ কাজে জড়িত রয়েছেন।
এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, ডিও স্বাক্ষর করাতে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পিয়ন আজিমুদ্দিন টনপ্রতি ৪০০ টাকা নিচ্ছেন। ওই কার্যালয়ের সামনে জোরপূর্বক ডিও কেনার জন্য সরকারি দলের সিন্ডিকেটের সঙ্গে জড়িত নেতাকর্মীরা ওত পেতে বসে থাকছে। তারা জোরপূর্বক ডিও হাতিয়ে নিয়ে প্রতিটন চালের দাম ধরিয়ে দিচ্ছে মাত্র ১৩ হাজার টাকা। অথচ ওই চালের বিনিময়ে কাজ করে পিআইও অফিসে ৩৩ হাজার ৮০৫ টাকার মাস্টাররোল দাখিল করতে হচ্ছে।
