মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম-১২ আনোয়ারা আসনের সংসদ সদস্য, এফবিসিসিআই ও চিটাগাং চেম্বারের প্রাক্তন প্রেসিডেন্ট, ইউসিবিএল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে যেসব রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠান এবং নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ নানা মাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন, ধর্মীয় আনুষ্ঠানিকতায় সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার। এক বিবৃতিতে পরিবারের পক্ষে তার বড় ছেলে চিটাগাং চেম্বারের প্রাক্তন প্রেসিডেন্ট সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, যারা আমাদের শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ও ঋণী মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, যারা এ দুঃসময়ে সহানুভূতি জানিয়েছেন, শোক কাটিয়ে উঠার শক্তি যুগিয়েছেন, প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সকল সংসদ সদস্য ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া এবং জানাজায় উপস্থিত অগণিত মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধ-ুবান্ধব, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে তিনি ধর্মীয় আনুষ্ঠানিকতায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর সচিবালয়, বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমানবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা পুলিশ, আনোয়ারা উপজেলা প্রশাসন, জমিয়াতুল ফালাহ মসজিদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
