কাতার বাংলাদেশে ১৫ হাজার কোটি টাকা জমা রাখবে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২২:১৮
কাতার কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে এক দশমিক আট বিলিয়ন ডলার বা ১৪ হাজার ৭০০ কোটি টাকা জমা রাখবে। এই অর্থ বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে তার ইচ্ছেমত বিনিয়োগ করতে পারবে। কাতার বাংলাদেশে অর্থ জমা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান সোমবার কাতার কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গর্ভনর ফয়সাল-আল থানির সাথে দেখা করলে তিনি নীতিগত সিদ্ধান্তের কথা জানান। কাতার কেন্দ্রীয় ব্যাংকে দুই গর্ভনর দুই দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল মতবিনিময় করেন। বাংলাদেশের পক্ষ থেকে কাতারকে সমঝোতা স্বারক স্বাক্ষর করার জন্য একটি খসড়া চুক্তিপত্র দেয়া হয়েছে। জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে কারিগরি দল কাতার আসবে। তারা বিষয়টি চূড়ান্ত করবে। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, কাতার এই অর্থ জমা রাখলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বৈদেশিক মুদ্রা জমার পরিমাণ বাড়বে। অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী হবে। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে ভূমিকা রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের সময় এই অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখার আহবান জানান। তারই ধারাবাহিকতায় কাতার সরকার বাংলাদেশে অর্থ জমা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে অন্য কোন দেশের এ ধরনের অর্থ জমা নেই। পৃথিবীর অনেক দেশে একে অন্যেও সাথে এমন লেনদেন আছে। বাহরাইন অনেক আগে বাংলাদেশে এ ধরনের অর্থ জমা রেখেছিল।