নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টম মকরিজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলতি ডিসেম্বর মাসেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেবেন। ২০১১ সালের জুলাইয়ে তিনি নিউজ ইন্টারন্যাশনালের বহুল আলোচিত কর্মকর্তা রেবেকা ব্রুকসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। টম মকরিজের এই সিদ্ধান্তের বিষয়ে নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রুপার্ড মারডক বলেছেন, মকরিজের এই সিদ্ধান্ত ‘সম্পূর্ণভাবে একান্তই তার ব্যক্তিগত।’ খবর বিবিসির।
সূত্র জানায়, ‘দ্য সান’ ও ‘দ্য টাইমস’-এর প্রকাশক সংস্থা নিউজ ইন্টারন্যাশনাল । এক বিবৃতিতে মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ড মারডক বলেন, ‘‘প্রায় ২২ বছর ধরে টম মকরিজকে কাজের জন্যই ‘স্কাই ইটালিয়া’ নির্মিত হয়েছে কিংবা বলা যেতে পারে নিউজ ইন্টারন্যাশনালে তার একাগ্র নেতৃত্বের কারণেই এমনটি ঘটা সম্ভব হয়েছে। টম সব সময়েই একজন দক্ষ নির্বাহী ও বিশ্বস্ত বন্ধু ছিলেন। অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত। তিনি আমাদের ছেড়ে যাচ্ছেন এই বিষয়টি ভেবে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে, কিন্তু তিনি যেখানেই যাবেন সেখানেই তার জন্য সাফল্য অপেক্ষা করছে, এ বিষয়ে আমি নিশ্চিত।’’
প্রসঙ্গত গত বছর নিউজ ইন্টারন্যাশনালের অপর একটি সংবাদপত্র ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ -এর ফোন হ্যাকিং কেলেঙ্কারি’র ঘটনায় রেবেকা ব্রুকস সংস্থাটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে যান। রেবেকার বিরুদ্ধে বর্তমানে ফোন হ্যাকিং কেলেংকারির মামলা চলছে ব্রিটিশ আদালতে। এরপর টম মকরিজ দায়িত্ব পান। মকরিজ এর আগে ইটালিতে নিউজ কর্পোরেশনের ইটালিভিত্তিক চ্যানেল ‘স্কাই ইটালিয়া’র দায়িত্বে ছিলেন।
