শ্রেণীকক্ষে একে-৪৭!
পূর্ব চীনের নানজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উয়ু সমপ্রতি অস্ত্র বিষয়ে পাঠদানের জন্য শ্রেণীকক্ষে একটি একে-৪৭ নিয়ে যান। সেখানে শিক্ষার্থীদেরকে ৩০ ধরনের বন্দুকের ব্যবহার ও গঠন সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তিনি। আর সে মুহূর্তের ছবি কয়েকটি অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তখন শুরু হয় হৈচৈ।—এএফপি।
হবু জামাইয়ের কাণ্ড
চা পান করিয়ে শ্বশুরবাড়ির সবাইকে অজ্ঞান করে লুট করে পালিয়েছে হবু জামাই। সোমবার ঐ প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভারতের তিলজলা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার। নিজ হাতে স্কুল শিক্ষিকা পাত্রীর পরিবারের সবাইকে চা পান করান জামাই সমীর। এর পরই সবাই জ্ঞান হারান। সে সুযোগে গহনা, মোবাইল ও নগদ টাকা নিয়ে সে পালিয়ে যায়।—আনন্দবাজার পত্রিকা
মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
অবিবাহিত মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করলে ১০ হাজার জরিমানা। বিহারের কিষাণগঞ্জ জেলার কোচাধামন ব্লকের টুপামারি গ্রামে সোমবার এ ফতোয়া জারি করেছেন মাতব্বররা। আর বিবাহিত মহিলারা গ্রামের রাস্তা-ঘাটে নয়, মোবাইল ব্যবহার করতে পারবেন শুধু অন্দরমহলেই। নিষেধাজ্ঞা ভাঙলে জরিমানার পরিমাণ ২ হাজার টাকা।—আনন্দবাজার পত্রিকা
থানার সামনে শরীরে আগুন
সোমবার ভারতে কড়েয়া থানার সামনে গায়ে আগুন দেন এক যুবক। ধর্ষণ মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে সে এ কাজ করে। সমপ্রতি এক দুষ্কৃতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন দুই তরুণী। আমিনুল তাদের পাশে দাঁড়ালে পুলিশ ধর্ষকের পক্ষে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। দগ্ধ আমিনুল এখন হাসপাতালে ভর্তি।—বর্তমান পত্রিকা
