সিরিয়া থেকে হামলার আশঙ্কা ঠেকাতে ন্যাটো মিত্র দেশগুলো এ সপ্তাহেই তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মঙ্গল ও বুধবার ব্রাসেলসের ন্যাটো জোটের ২৮টি রাষ্ট্র বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। সিরিয়ার হামলার আশঙ্কায় বিমান প্রতিরক্ষা বাড়াতে নেটোর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল তুরস্ক। সিরিয়ায় আসাদ সরকারের পতনে যুদ্ধরত বিদ্রোহীদের একটি বড় সমর্থক হচ্ছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “আমরা (তুরস্কের অনুরোধ) ইতিবাচকভাবে বিবেচনা করছি।” “ন্যাটো ইতিবাচকভাবেই অনুরোধে সাড়া দেবে বলে আমরা আশাবাদী। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ডস এক্ষেত্রে অবদান রাখার জন্য প্রস্তুত থাকবে। বিবেচনায় রয়েছে এ তিন দেশই” বলেন তিনি। তবে কোথায়, কতদিনের জন্য এবং কতগুলো ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করা হবে সে বিষয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত নাও হতে পারে বলে জানান তিনি। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর তুরস্কের সিরিয়ার সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।
