বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের এক নাতনির। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান অদিতি ঘটক (২১)। তিনি স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে আনন্দবাজার পত্রিকা জানায়।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শুক্রবার রাতে একটি গাড়িতে তিন বন্ধুর সঙ্গে বেড়াতে যান অদিতি। ওই বন্ধুরাই রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিত্করা বলেন, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে অদিতি পানিতে ডুবে যান বলে তার বন্ধুরা জানিয়েছেন। অদিতির সারা দেহ সে সময় ভেজা ছিল। শ্বাসকষ্টও হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নেয়া হয়। কিছুক্ষণ পর তার অবস্থার অবনতি হয় বলে চিকিত্সকরা জানান। “অদিতি চিকিত্সক তাপস রায়ের অধীনে ভর্তি ছিলেন। শনিবারই তার ‘মাল্টি-অরগ্যান ফেইলিওর’ হয়। রোববার বেলা ১২টা নাগাদ ওই তরুণী মারা যান,” বলেন হাসপাতালের কর্মকর্তা শুভাশীষ দত্ত।
