মোদির বারানসিতে এবার প্রার্থী হবেন হলুদ চাষিরা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২২:৩৬

উত্তর প্রদেশের বারানসি থেকে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রার্থী হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আসনেই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণ ভারতের ১৫০ হলুদ চাষি। ২০১৪ সালের নির্বাচনে এই আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন মোদি।

লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের সময় তেলেঙ্গানার নিজামাবাদে হলুদ চাষিরা বিক্ষোভে ফেটে পড়েন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এবার বারানসিতে ঘটাতে চান তারা। হলুদ চাষি অ্যাসোসিয়েশনের  নিজামাবাদ জেলা ইউনিটের সভাপতি পি থিরুপাঠী রেড্ডি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমাদের দাবি কেন্দ্রীয় সরকার একটি ‘হলুদ বোর্ড’ প্রতিষ্ঠা করুক। এই দাবি আদায়ে তেলেঙ্গানা ও তামিল নাড়ুর ১৫০ হলুদ চাষি বারানসি আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। আগামী ১৯ মে শেষ ধাপে এই আসনে ভোটগ্রহণ হবে। একইসঙ্গে তারা বারানসিতে সকল বড় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং হলুদ বোর্ড গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরবেন। তবে কোনো প্রার্থীর বিরুদ্ধে তারা প্রচারণা চালাবেন না। এটা তাদের উদ্দেশ্যও নয়।

প্রথম ধাপের ভোটগ্রহণে তেলেঙ্গানার নিজামাবাদে ১৭৮ জন চাষি প্রার্থী হন। আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে   কে কবিতা। সুবিশাল এই প্রার্থী তালিকা সামাল দিতে হমশিম খেতে হয়েছে ভারতের নির্বাচন কমিশনকে। প্রার্থীদের নাম রাখতে প্রতি বুথে রাখা হয় ১২টি করে ইভিএম। 

মোদির জন্য ‘কাঁকর মেশানো’ রসগোল্লা পাঠানো হবে:মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিষ্টি, পাঞ্জাবি পাঠান- নরেন্দ্র মোদির এমন বক্তব্য সামনে আসার পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছেন মমতা। মোদির বক্তব্য সামনে আসার একদিন পরই মমতা বলেন, অতিথিদের আমরা উপহার আর রসগোল্লা দিয়ে স্বাগত জানাই। কিন্তু ভোট দিই না। এবার তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর জন্য এমন মিষ্টি পাঠাবো যা খেতে গিয়ে তার দাঁত ভেঙে যাবে। শুক্রবার আসানসোলে নির্বাচনী সমাবেশে মমতা বলেন, বাংলা থেকে রসগোল্লা পাঠাব। তবে সেই রসগোল্লা হবে মাটির তৈরি। তাতে কাঁকর মেশানো থাকবে। লাড্ডুতে যেমন কাজুবাদাম মেশানো থাকে, ঠিক তেমনই। তাতে কামড় দিলেই দাঁত ভেঙে যাবে। রাজনৈতিক সৌজন্যবোধ থেকে মোদিকে উপহার পাঠান বলে জানান তিনি।