ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে এলজিইডির জিনদপুর-হুরোয়া সড়কের বুড়িচং নামক স্থানে ব্রিজটি ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওই সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তারও বেহালদশা। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে যায়। ওই এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও হেঁটে চলাচল করছে। যে কোন মুর্হূতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির আশংকা রয়েছে। করইবাড়ি, জিনোদপুর, কাঠালিয়া, সিকানিকা, হুরোয়া, দশমোজা গ্রামের হাজার হাজার লোকের প্রতিদিনের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়কটি। প্রায় ১৫ বছর ধরে এ অবস্থায় পড়ে থাকা এই সড়কটি এবং ভাঙ্গা ব্রিজটি মেরামত ও সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের।
জিনদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, ‘প্রায় ১৫ বছর আগে সড়কটিতে ইট বিছানো হয়েছিল। এরপর সড়কটিতে আর কোনো কাজ হয়নি, কার্পেটিং না করায় আশপাশের লোকজন সড়ক থেকে ইট তুলে নেয়ার কারণে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।’
বর্তমান চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া বলেন,‘আমাদের সীমিত সামর্থ্য থেকে মাঝে-মধ্যে মাটি দিয়ে গর্ত ভরাট করা হয়,সড়কটির অবস্থা উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে।’
এ ব্যাপারে এলজিইডির উপজেলা ইঞ্জিনিয়ার জিয়াউল ইসলাম মজুমদার বলেন, ব্রিজটি জরুরিভিত্তিতে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে, বরাদ্দ পেলে রাস্তাটি সংস্কার করা হবে।
