কুমিল্লার টমছমব্রীজ-মেডিক্যাল সড়ক যেন মরণফাঁদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪০
কুমিল্লা মহানগরীর টমছমব্রীজ থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সড়কটির অবস্থা একেবারেই সঙ্গীন। সড়কটির এ বেহাল দশায় জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। প্রতিদিন অসংখ্য যানবাহন ও জনগণকে খানাখন্দে ভরা ব্যস্ততম এ সড়কেই চলাচল করতে হচ্ছে। বর্তমানে ওই সড়কের গর্তগুলো কূপের মতো সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। জানা যায়, এ সড়কটি বছরখানেক আগে সংস্কারসহ এর দুই পাশে ড্রেন নির্মাণ করা হলেও অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ায় কিছুদিন না যেতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া গুরুত্বপূর্ণ এ সড়কের বেশিরভাগ স্থানে পিচের লেশমাত্র নেই, ইট-সুরকি সব উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমাট বেঁধে কূপে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে বহুতল ভবনের নির্মাণ সামগ্রী দিনের পর দিন ফেলে রাখার ফলে স্বাভাবিক হাঁটাচলাও দুষ্কর। নগরীর টমছমব্রীজ থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত সড়কের পার্শ্বে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কুমিল্লা ইপিজেড, সদর উপজেলা পরিষদ, অভয় আশ্রম, হাইওয়ে পুলিশের প্রধান কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, নার্সিং ইন্সটিটিউটসহ সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন স্থাপনা। অথচ কর্তৃপক্ষের চরম ঔদাসীন্য ও নিম্নমানের কাজের কারণে ভাঙাচোরা সড়কে মুমূর্ষু রোগীসহ অহর্নিশ ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও জনগণ। এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ সড়কের যেন কোন অভিভাবক নেই’। তারা বলছেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের যোগসাজশে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটি সংস্কারসহ এর দুই পাশে ড্রেন নির্মাণের নামে সরকারি টাকা লোপাট করা হয়েছে। এ বিষয়ে সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, শিগগিরই সড়কটির সংস্কার কাজ শুরু হবে।