পীরগঞ্জ উপজেলার সাতটি সরকারি অফিসের প্রশাসনিক অফিসারসহ ১৯টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় সংশ্লিষ্ট অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানা গেছে, সহকারী কমশিনার (ভূমি) পদটি ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শূন্য রয়েছে। ইউএনও ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দেড় বছর ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেই। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও উপজেলা হাসপাতালে ২টি জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন ও সার্জারি) ও ১০টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল অফিসার পদে লোক না থাকায় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে লোকজন চিকিত্সা সেবা পাচ্ছেন না। উপজেলা পশুসম্পদ অফিসে তিন বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদটি দুই মাস ধরে শূন্য। ১২ এপ্রিল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নেই। গত বছরের ৪ ডিসেম্বর মোঃ মোফাজ্জল হোসেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ওই দিনই প্রেষণে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে চলে যান।
