নুসরাত হত্যার সময় গেট পাহারার দায়িত্বে ছিল শাকিল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২২:৩৮

ফেনীর পিবিআইর তদন্ত কর্মকর্তা মো. শাহ্ আলম জানিয়েছেন, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাদরাসা গেট পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল মামলার অন্যতম আসামি মহিউদ্দিন শাকিলকে। তিনি জানান, রিমান্ডে থাকা কয়েকজন আসামি ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া শুক্রবার সন্ধ্যায় আসামি শাকিলকে রিমান্ডে চেয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালতে নেওয়া হলে শাকিলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাত পর্যন্ত এ হত্যা মামলার এজাহারভুক্ত আটজনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পিবিআই। এর মধ্যে ৮ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নুসরাতের মায়ের ৫ লাখ টাকা ঋণ মওকুফ

ব্যুরো অব বাংলাদেশ নামে একটি এনজিও আগুনে পুড়ে নিহত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মায়ের ৫ লাখ টাকার ঋণ মওকুফ করেছে। সংস্থার শাখা ব্যবস্থাপক লুত্ফুর রহমান ও সোনাগাজী শাখার সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার কাজী মো. ইয়াদ আলী জানান, সংস্থার পরিচালনা পর্ষদ তাদের প্রধান কার্যালয়ে জরুরি এক সভায় আগুনে পুড়ে নিহত রাফির মা শিরিনা আক্তারের এনজিও ব্যুরো অব বাংলাদেশ থেকে নেওয়া ৪ লাখ টাকা ঋণ এবং ১ লাখ ১২ হাজার ৫শ টাকা সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। ব্যুরো অব বাংলাদেশের শাখা ব্যবস্থাপক নিহতের বাড়িতে গিয়ে তার মা শিরিনা আক্তারের হাতে ব্যুরোর সিদ্ধান্ত এবং ঋণ মওকুফের কাগজপত্র তুলে দেন।