ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-বান্দুরা আন্তঃসড়কে ঋষিপাড়ায় মঙ্গলবার মালবাহী ট্রলির চাপায় মো. বিল্লাল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িতে অগ্নিসংযোগ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত মো. বিল্লাল হোসেন উপজেলার বক্সনগর ইউনিয়নের গাজীখালী গ্রামের মৃত. শেখ শওকত আলীর ছেলে।
পীরগাছা(রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছায় গতকাল মঙ্গলবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। উপজেলার কৈকুড়ী ইউনিয়নের রামচন্দ্র পাড়া গ্রামের চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম মিয়ার স্ত্রী জুলেখা বেগম(৪২) বাড়ি থেকে সকাল ১১ টার দিকে পায়ে হেঁটে পীরগাছা উপজেলা মুখে যাচ্ছিলেন। এসময় রংপুর-সুন্দরগঞ্জ মহাসড়কের রামচন্দ্র পাড়া নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তিনি উপজেলার কৈকুড়ী ইউনিয়নের উত্তর আলাদী পাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদ-দাতা জানান, সোমবার ভাইপো মহামিনের সড়ক দুর্ঘটনার খবর শুনে চাচা ইসমাইল হোসন (৫৫) মোটর সাইকেল যোগে হাসপাতালে যাওয়ার পথে উপজেলার বেলেঘাট নামক স্থানে করিমনের ধাক্কায় নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।
জানা গেছে সোমবার মহামিন মোটর সাইকেল যোগে খালিশপুর যাওয়ার পথে বাসের পিছনে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়ে মহেশপুর হাসপাতালে ভর্তি হয়। এই খবর শুনে চাচা ইসমাইল হোসেন স্থানীয় ডাক্তার রেজাউলের মোটর সাইকেলে বিপুলসহ তাকে মহেশপুর হাসপাতালে দেখতে যাচ্ছিল। মোটর সাইকেলটি বেলেঘাটে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ট্রাক্টরের ডালায় আঘাত পেয়ে পড়ে যায়। এসময় করিমন ওদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইসমাইল হোসেন (পুটে মেম্বর) মারা যায়। আহত মোটর সাইকেল চালক রেজাউল, বিপুল ও মহামিনকে যশোর হাসপাতালে নিয়ে যায়।এর মধ্যে রেজাউলে অবস্থা আশঙ্কাজনক।
দুমকী ( পটুয়াখালী) সংবাদদাতা জানান,দুমকী উপজেলার বগা-লেবুখালী সড়কে সোমবার রাতে রাজাখালী নামক স্থানে টেম্পো চালক মালিক সাইফুল (২০) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্থলে মারা যান। সাইফুলের বাড়ি দুমকীর লেবুখালী গ্রামে।
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)্ সংবাদদাতা জানান,
মঙ্গলবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়া মোড়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টায় আপন পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো জ ১১-০০১৫) প্রায় ৩৫/৪০ জন যাত্রী নিয়ে মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে কুচিয়া মোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে । পুলিশ বাসটিকে আটক করেছে। ড্রাইভার পালিয়ে গেছে।
ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা
নোয়াখালী প্রতিনিধি জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মতিলাল দাস(৫০) নামের এক মানসিক রোগী আত্মহত্যা করে। গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালী পৌরসভার তাজ মাহতাবপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পৌর কাউন্সিলর মমতাজুল করিম বাচ্চু জানান, মতিলাল দাস একজন মানসিক রোগী। ঘটনার পর রেলপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
