শরীয়তপুর-চাঁদপুর সড়কে শরীয়তপুর সদর ও ভেদরগঞ্জ উপজেলায় ৮ কি.মি. এলাকায় ১০টি স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। খালের তীর সংলগ্ন হওয়ায় সড়ক ডেবে গিয়ে এ ফাটল সৃষ্টি হয়েছে। ফাটলের স্থান দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্র জানায়, ২০০১ সালে এ সড়কটি চালু হয়। তখন থেকে এ পথে চট্টগ্রামের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু করে। শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার হতে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানই কম প্রশস্ত। সড়কের কম প্রশস্ত অংশ ৮ ফুট চওড়া। গভীর খালের তীরে অবস্থিত হওয়ায় কম প্রশস্ত সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করে। প্রায়ই পণ্য ও যাত্রীবাহী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, গভীর খালের তীর ঘেঁষে সড়কটি হওয়ায় ফাটলের সৃষ্টি হয়েছে। কিছু স্থানে আমাদের কর্মীরা ইট ও বালুর বস্তা ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বাকি স্থানগুলোর সংস্কারের উদ্যোগ শিঘ্রই নেয়া হবে।
