বার্ষিকীতে মুম্বাই হামলায় নিহতদের স্মরণ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:২৭

ভারত সোমবার মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী পালন করছে। নগরীর বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ২০০৮ সালের ওই ঘটনায় সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন নিরপরাধ মানুষ প্রাণ হারায় এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। ঘটনাটিকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের চরম অবনতি ঘটে। এএফপি।

দিনটি ছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর, বুধবার একে-৪৭ রাইফেল ও গ্রেনেড নিয়ে ১০ ইসলামী চরমপন্থী ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিনি দিন ধওে হামলা ও নৈরাজ্য চালায়। এতে ১৬৬ জন নিহত ও আরো কয়েকশ আহত হয়।

যুক্তরাষ্ট্র ১০ বছর আগের ওই এই হামলায় জড়িতদের ধরতে নতুন করে ৫০ লাখ মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করেছে এবং এই হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে সহায়তা করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে। হামলাকারীরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (এলইটি)’র সদস্য।

এদিকে মুম্বাইয়ের নানা আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হামলাকে ‘ভয়াবহ’ অভিহিত করে বলেন, ‘মুম্বাই হামলার ঘটনায় আমাদের যেসব পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য সাহসিকতার সাথে সন্ত্রাসীদের মোকাবিলা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞচিত্তে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

আরও পড়ুনঃ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

ওই ঘটনার সময় বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদ চ্যানেল সরাসরি সংবাদ পরিবেশন করে। রক্তাক্ত ঘটনাটি ২৬/১১ হিসেবে পরিচিত। সন্ত্রাসী হামলাটিকে নিউইয়র্কের ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইনটাওয়ার হামলার ঘটনার সঙ্গে তুলনা করা হয়।

মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে ওই সমন্বিত হামলা চালানো হয়। প্রায় দুই কোটি জনসংখ্যা অধ্যুষিত নগরীটির একটি বিলাসবহুল হোটেল, প্রধান রেলওয়ে স্টেশন, বিদেশীদের কাছে জনপ্রিয় একটি রেস্তোরাঁ ও ইহুদিদের একটি কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইত্তেফাক/টিএস