প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
দৈনিক ইত্তেফাকে রবিবার বিএনপির কাউন্সিল প্রসঙ্গে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। প্রতিবাদপত্রে তিনি বলেন, তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করার প্রশ্নই আসে না। তিনি বলেন, বিএনপির কোন অবস্থান থেকে বাদ দেয়া না দেয়া দলের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্তের ব্যাপার। এজন্য তিনি এতটুকুও উদগ্রীব নন। ০০০০০০০০০০ দৈনিক ইত্তেফাকে ‘কানাডাস্থ সাবেক রাষ্ট্রদূতের বিরুদ্ধে সোয়া কোটি টাকার দুর্নীতির অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইয়াকুব আলী। প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘মিশন অডিট’ রুটিন বিষয়। অডিটে কোন বিষয়ে আপত্তি করা হলে তা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, আমার বক্তব্য আমি মহাপরিচালক মিশন অডিটের কাছে পাঠিয়েছি। প্রকাশিত রিপোর্টে আমার কোন বক্তব্য নেয়া হয়নি। ০০০০০০০০০০ অপরদিকে, গত ৪ নভেম্বর দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘‘প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সম্পত্তি দখলের চেষ্টা, নারীদের মারপিট’’ সংবাদের প্রেক্ষিতে ‘ব্যক্তিগত কৈফিয়ত’ হিসেবে জোনায়েদ হোসেন শেখ তার ব্যাখ্যায় দাবি করেছেন, তিনি নিজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে কোনো ত্রাস সৃষ্টি করেননি এবং শ্যালক আব্দুল হাদিকে প্ররোচনা দেননি। শ্যালক হাদি যদি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার সাথে আমার সম্পৃক্ততা নেই। আমার ত্রাস সৃষ্টি করার মতো ক্ষমতা নেই। তিনি আরো দাবি করেন, শ্বশুরের সম্পত্তি রক্ষার জন্য পুলিশ সুপারকে মাত্র ২/১ বার ফোন করেছিলেন।